ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, দাবি প্রতিমন্ত্রী শাহে আলমের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে এমন নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচনে ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য পাঁচটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ ধাপের নির্বাচনের তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশের পথে প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে আগামী ৪ অথবা ৬ ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে। এরপর পবিত্র রমজান, ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষা শেষে বাকি তিন ধাপে নির্বাচন আয়োজন করা হবে। সব মিলিয়ে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি গত ২০ বছর ধরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকার নষ্ট করতে চায় না সরকার।

তিনি বলেন, জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে চায়।