ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা হতাশাজনক হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাফানা বাফানারা।

বুধবার মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার সামনে। চাপের সেই ম্যাচে দারুণ দৃঢ়তা দেখিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় দলটি। ম্যাচের ৬৩তম মিনিটে শেপাং মোরেমির নিখুঁত ক্রস থেকে থাপেলো মাসেকোর করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন। ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। অবশেষে ২০২৬ বিশ্বকাপে এসে সেই আক্ষেপ ঘুচল।

টুর্নামেন্টে তাদের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারার পর অনেকেই দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখে দলটি।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

অন্যদিকে দক্ষিণ কোরিয়া আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচে মাঠে নেমেছিল। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে চাপে পড়ে যায়। ফলে শেষ ম্যাচে নকআউট নিশ্চিত করতে অন্তত একটি পয়েন্ট প্রয়োজন ছিল তাদের।

তবে দক্ষিণ আফ্রিকার সংগঠিত রক্ষণভাগ ও দ্রুত পাল্টা আক্রমণের সামনে ছন্দ খুঁজে পায়নি কোরিয়ানরা। শেষ পর্যন্ত মাসেকোর একমাত্র গোলে পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় এশিয়ার দলটিকে।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে নকআউট পর্বে ‘বি’ গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে তারা।