বিশ্বকাপ নকআউটে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া, চূড়ান্ত আরও তিন ম্যাচ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বকাপ নকআউট রাউন্ডের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। আগামী বুধবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় যৌথ আয়োজকদের মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা।

বৃহস্পতিবার এফ গ্রুপের ফলাফলের পর এই সূচি চূড়ান্ত হয়। সুইডেন ও জাপানের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হয়েছে বসনিয়া-হার্জেগোভিনা।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

ডি গ্রুপ থেকে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে নকআউট নিশ্চিত করার পর তারা গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছে তুরস্কের বিপক্ষে।

অন্যদিকে, গত বুধবার কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বসনিয়া-হার্জেগোভিনা। ২০১৪ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপে অংশ নেওয়া দলটি সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

কাতারের বিপক্ষে জয়ের পর বসনিয়ার প্রধান কোচ সার্গেজ বারবারেজ বলেন, ‘আমাদের জন্য এখন সবই বোনাস। আমরা স্বস্তির নিশ্বাস ফেলব। আমাদের সামনে যে দলই আসুক, তাকে মোকাবিলা করার চেষ্টা করব। যে কারও বিপক্ষে খেলতে আমরা আত্মবিশ্বাসী।’

এদিকে শেষ ৩২-এর আরও তিনটি ম্যাচও চূড়ান্ত হয়েছে। কানাডা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো এবং ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।