কেপ ভার্দের কঠিন লড়াই পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দেও শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ প্রতিরোধ গড়ে তোলে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের ২৮তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের নিখুঁত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন লিওনেল মেসি। গোলটি করে বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচে জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ২০-এ নেন তিনি।

আরও পড়ুন: টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার শেষ ষোলোয় মিসর

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯তম মিনিটে রায়ান মেন্দেসের পাস থেকে ডেরয় দুয়ার্তে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর কেপ ভার্দের গোলরক্ষক দোসিমার দিয়াজ ভোজিনহা একের পর এক দারুণ সেভ করে আর্জেন্টিনাকে হতাশ করেন। বিশেষ করে মেসির দুটি ফ্রি-কিক ঠেকিয়ে নির্ধারিত সময়ে দলকে সমতায় রাখেন তিনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বল পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ

তবে আবারও ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। ১০৩তম মিনিটে সিডনি ক্যাব্রাল বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দারুণ বাঁকানো শটে গোল করে স্কোরলাইন ২-২ করেন।

সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের এক ডিফেন্ডারের হাতে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শেষ কয়েক মিনিটে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় কেপ ভার্দে। তবে আর্জেন্টিনা রক্ষণ সামলে লিড ধরে রাখে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।