চলে গেলেন ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদ
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর)সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গেল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিসের পাশাপাশি সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সাহেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
আরও পড়ুন: অভিনয়ে নিয়মিত নন তবে সম্পদে শাহরুখের পরেই তিনি, কে এই অভিনেত্রী ?
নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করা সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ‘রোকযানা’ গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ তার উল্লেখযোগ্য গান। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’।
অসুস্থতার মধ্যেও দীর্ঘ ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে সুস্থ হয়ে সংগীতে ফেরার সেই স্বপ্ন আর পূরণ হলো না।





