‎লাইসেন্স নবায়ন নিয়ে বিরোধ, সংসদ সদস্যের আশ্বাসে স্থগিত ধর্মঘট

Shahrier Islam Pallab
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নেত্রকোণা শহরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স নবায়ন নিয়ে বিরোধের জেরে চালক ও মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের আশ্বাসের পর সোমবার (৯ নভেম্বর) দুপুরে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন তাঁরা। একই সঙ্গে সড়কে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

‎‎এর আগে সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন অটোরিকশার চালক ও মালিকরা। এতে জেলা শহরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ পথ পায়ে হেঁটে চলাচল করতে হয়।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

‎ধর্মঘটের আয়োজকদের দাবি, একই মালিকের একাধিক অটোরিকশার লাইসেন্স নবায়নের অনুমতি না দেওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। একাধিক অটোরিকশার মালিকেরা তাঁদের সব গাড়ির লাইসেন্স নবায়নের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সমাধান পাননি।

‎অন্যদিকে, যানজট নিরসনের লক্ষ্যে একজন মালিককে একটি অথবা দুটি অটোরিকশার লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানায় পৌর কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি হননি মালিকেরা। এ নিয়ে বিরোধের জেরেই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‎নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্মঘটের খবর পেয়ে দুপুরে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক মুঠোফোনে অটোরিকশার চালক ও মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের লাইসেন্স দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি আগামী শনিবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

‎ওসি আরও জানান, সংসদ সদস্যের আশ্বাসের পর চালক ও মালিকেরা ধর্মঘট স্থগিত করতে সম্মত হন। পরে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

‎