টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর টাইগারদের প্রশংসা করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই স্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়ার কৃতিত্ব অর্জন করে টাইগাররা।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

বাংলাদেশ দল যখন জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে, তখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে সড়কপথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর ভিডিও কলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশের এই জয়কে দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তার মতে, খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা, আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন অসাধারণ সাফল্য এসেছে।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও এই সাফল্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরের টেস্টেও দলের ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে সিরিজ জয়ের সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে সেই ইতিহাসকে আরও বড় পরিসরে নিয়ে গেল টাইগাররা।