অনলাইন জুয়া নিয়ে কঠোর বিধান: ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা অর্থদণ্ড
সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধীরা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই শাস্তি বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে আসছে বড় পরিবর্তন
তথ্য বিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী যদি কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনও সংস্থা অনলাইনে জুয়া খেলার জন্য কোনও পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করেন, জুয়া খেলায় অংশগ্রহণ করেন, সহায়তা বা উৎসাহ প্রদান করেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক ইত্যাদিতে জুয়া প্রচার বা বিজ্ঞাপন করেন, তাহলে এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর ২০ ধারা অনুযায়ী এই অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনধিক দুই বছরের কারাদণ্ড, অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া অনলাইন জুয়া বন্ধ করতে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: ফেসবুক হঠাৎ ডাউন, ডেস্কটপ ভার্সনে ভোগান্তিতে ব্যবহারকারীরা
তথ্য বিবরণীতে অনুরোধ করা হয়েছে, জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রচার বা বিজ্ঞাপন থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকতে। অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিঙ্ক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অবহিত করা হচ্ছে।





