টিকটকের নতুন এআই টুল উন্মোচন
বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল ‘সিম্ফনি এজেন্ট’ (Symphony Agent) উন্মোচন করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড, বিপণনকারী এবং কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে বিজ্ঞাপন ও প্রচারণামূলক কনটেন্ট তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের তথ্য অনুযায়ী, ‘সিম্ফনি এজেন্ট’ এজেন্টিক এআই (Agentic AI) প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় সংস্কৃতি, ভাষা ও দর্শকের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। ফলে ব্র্যান্ডগুলো নির্দিষ্ট অঞ্চলের ব্যবহারকারীদের কাছে আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয়ভাবে পৌঁছাতে পারবে।
আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর
বর্তমান ডিজিটাল বিপণনের প্রতিযোগিতামূলক পরিবেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্বল্প সময়ে বেশি কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তা বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় তৈরি করা হয়েছে নতুন এআই টুলটি। এটি টিকটকের বিদ্যমান বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
টিকটকের দাবি, একটি সাধারণ ধারণা বা ব্রিফ থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাটের মাধ্যমে টিকটকের উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল
নতুন টুলটিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এআই-তৈরি কনটেন্ট শনাক্ত করতে স্বয়ংক্রিয় লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে এআই ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে বলে জানিয়েছে টিকটক।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের সবচেয়ে বড় শক্তি সৃজনশীলতা। তার ভাষ্য, সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বিশ্লেষণ, নতুন কনটেন্ট তৈরি এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত কনটেন্ট নির্মাতা এবং কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।
টিকটকের মতে, বর্তমান সময়ে ব্যবহারকারীরা বাস্তবসম্মত, প্রাসঙ্গিক এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই চাহিদা পূরণে সিম্ফনি এজেন্ট ব্র্যান্ড, কনটেন্ট নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি করবে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে ডিজিটাল বিপণন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে।





