দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৭ সালের ২ আগস্ট পৃথিবী সাক্ষী হতে যাচ্ছে এক বিরল ও নজিরবিহীন মহাজাগতিক ঘটনার। ওই দিন সংঘটিত হবে ২১ শতকে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা টানা প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই বিরল সূর্যগ্রহণকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী, গবেষক এবং আকাশপ্রেমীরা এখন থেকেই গ্রহণ পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন। বিশেষজ্ঞদের মতে, এটি ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত মহাজাগতিক ঘটনা হতে যাচ্ছে।

আরও পড়ুন: ফেসবুকে আসছে বড় পরিবর্তন

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘ সময়ের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পেছনে রয়েছে একটি বিশেষ মহাজাগতিক সমন্বয়। গ্রহণের সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে, ফলে আকাশে তাকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে। একই সময়ে পৃথিবী সূর্য থেকে তুলনামূলক দূরবর্তী অবস্থানের (অ্যাফেলিয়নের কাছাকাছি) থাকায় সূর্যকে কিছুটা ছোট দেখাবে। এই দুই অবস্থার সমন্বয়ে চাঁদ সূর্যকে দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণভাবে ঢেকে রাখতে সক্ষম হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গ্রহণের কেন্দ্রীয় পথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করবে। স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়ার কিছু অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে।

আরও পড়ুন: ফেসবুক হঠাৎ ডাউন, ডেস্কটপ ভার্সনে ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশেষজ্ঞদের মতে, মিসর হবে এই গ্রহণ পর্যবেক্ষণের সবচেয়ে উপযুক্ত স্থানগুলোর একটি। দেশটির লুক্সর ও নিউ ভ্যালি অঞ্চলে গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেখা যাবে। এ সময় দিনের বেলাতেই আকাশে গভীর অন্ধকার নেমে আসবে।

পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। পাশাপাশি আকাশে উজ্জ্বল গ্রহ ও নক্ষত্র দৃশ্যমান হয়ে উঠতে পারে। পর্যবেক্ষকরা সূর্যের বাইরের আবরণ করোনা, বেইলি’স বিডস এবং ডায়মন্ড রিং-এর মতো মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যও উপভোগ করতে পারবেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, পূর্ণগ্রাসের সংক্ষিপ্ত সময় ছাড়া সূর্যের দিকে খালি চোখে তাকানো বিপজ্জনক। গ্রহণের অন্যান্য পর্যায়ে অবশ্যই অনুমোদিত সোলার ভিউয়িং গ্লাস বা নিরাপদ সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।

গবেষকদের ধারণা, বিশ্বের প্রায় ৪০০ কোটিরও বেশি মানুষ আংশিক বা পূর্ণভাবে এই সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। ফলে ২০২৭ সালের ২ আগস্টের এই বিরল ঘটনা ২১ শতকের অন্যতম স্মরণীয় মহাজাগতিক দৃশ্যে পরিণত হতে যাচ্ছে।