বগুড়ায় একতা পরিবহন সার্ভিস বন্ধ ও কাউন্টার ভাঙচুর নিয়ে সংবাদ সম্মেলন
বগুড়ায় একতা পরিবহন সার্ভিসের কার্যক্রম বন্ধ এবং টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
গতকাল সোমবার (০৪ মে) আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া-নওগাঁ রুটে দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনে নিয়োজিত একতা পরিবহনের বগুড়া শহরের ঠনঠনিয়া ও সাতমাথা এলাকায় অবস্থিত টিকিট কাউন্টার বন্ধ করা হয় বলে দাবি করা হয়। এ সময় কয়েকজন শ্রমিক নেতার পরিচয়ে থাকা ব্যক্তি কাউন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়। পরে বাস চলাচলে বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কিছু গাড়ি টার্মিনাল ত্যাগ করতে বাধ্য করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: ১৪ ‘পিংক বাস’ দিয়ে শুরু, নারীদের জন্য আসছে আরও ১০০ ই-বাস
পরবর্তীতে স্থানীয় একটি অনলাইন মাধ্যমে বগুড়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শামসুর বক্তব্য প্রচারিত হলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একতা সার্ভিস সংশ্লিষ্টরা। ওই বক্তব্যে পরিবহন শ্রমিক সংগঠনের নির্বাচিত নেতৃত্ব সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির অধীনে একতা সার্ভিস দীর্ঘদিন ধরে ঢাকা-বগুড়া রুটে পরিচালিত হচ্ছে। পাশাপাশি বগুড়া মালিক ও শ্রমিকদের নিয়ন্ত্রণে শাহ ফতেহ আলী সার্ভিসও পরিচালিত হচ্ছে। একতা সার্ভিসে বগুড়া শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন কিছু যানবাহন চলাচল করলেও, শাহ ফতেহ আলী পরিবহনে ঢাকা মালিক সমিতির কোনো বাস নেই বলে দাবি করা হয়।
আরও পড়ুন: আজ থেকে রাজধানীতে চালু নারীদের জন্য পিংক বাস সার্ভিস
নেতারা আরও বলেন, আন্তঃজেলা পরিবহন রুট সাধারণত পারস্পরিক ব্যবসায়িক সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে এবং একতা সার্ভিস মহাখালী বাস টার্মিনালভিত্তিক মালিক-শ্রমিকদের মাধ্যমে পরিচালিত একটি নিয়মিত পরিবহন ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বর্তমানে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং এমন পরিস্থিতিতে সংঘটিত ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।
তারা আরও বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইউছুফ মৃধা।





