৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।





