৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিজলি চমকানোসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।