৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সতর্ক সংকেত
রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে ঝড়ের আভাস
এদিকে সারাদেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলায় এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।
আরও পড়ুন: টানা বৃষ্টি ও উজানের ঢলে ফের বন্যার শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।





