চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
চাঁদপুর শহরের কোড়ালিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) ভোরে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও নিবা আক্তার।
জানা গেছে, ভোরে রান্না করতে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ২৫
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, হোসেন সর্দার ও নিবা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।





