টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
সারা দেশে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’-এর অংশ হিসেবে টাঙ্গাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে এসে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
রাতেই তারা ভূঞাপুর উপজেলার সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে তারা টাঙ্গাইল সার্কিট হাউসে রাত্রী যাপন করেন।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“মাওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের পথিকৃৎ। আমরা তার আদর্শ ও রাজনীতিকে অনুসরণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছি।”
পদযাত্রাকে সফল করতে টাঙ্গাইল জেলা এনসিপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা।





