জামায়াত একটি ‘ভণ্ড ইসলামী দল’: হেফাজতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অনুষ্ঠিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এক আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।
মাহফিলটি আয়োজিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’ এর উদ্যোগে। এতে সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী এবং সঞ্চালনা করেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
বক্তব্যে হেফাজতের আমির আরও বলেন, জামায়াত ইসলামী সহি ইসলামী পার্টি নয়। এটা শুধু আমি বলছি না, আমাদের মুরুব্বিরাও বলেছিলেন। তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।
সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।





