আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা শারমিন এস মুরশিদ

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, একটা রাষ্ট্র আমরা পেয়েছি—যেখানে কোনো টাকা ছিল না। কোনো সিস্টেম নেই। দুর্নীতি এতগুলো স্তর বিশিষ্ট যে আমাদের পক্ষে অল্প সময়ে সবটুকু উৎপাটন করা কঠিন। আমরা দেখেছি মানুষ ভালোবেসে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছেন, আবার এটাও তো দেখতে পাচ্ছি মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছেন। এক বছরে ধৈর্যহীন হয়ে গেলে ১৫ বছরের দুর্নীতি কী করে শোধরাবো?

আজ ২৭ আগস্ট বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

আরও পড়ুন: বাউফলে সরকারি রাস্তা অবৈধ দখল করে দোকানঘর ও দ্বিতল ভবন নির্মাণ!

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার আকস্মিকভাবে আপনাদের জীবনে নেমে এসেছে। যখন ২০২৪-এর জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পরে ঢেউ জনসমুদ্রের মতো, যখন তারা মুক্তির আহ্বানে মেতে উঠেছিল—সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার রোধ: আড়াই কোটি টাকার বারসহ আটক ১