গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, তিনজনের মৃত্যু

Sadek Ali
এ.এস.এম রবিউল হাসান, গাইবান্ধা
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় গ্রামবাসী চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে তুলে নিয়ে হত্যা

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

আরও পড়ুন: আশুলিয়ায় তার চুরি করতে এসে শর্টসার্কিটে প্রাণ গেল চোরের

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।