নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের আরিফ উল ইসলাম মৃধার নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দার পাড়া বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে স্বতন্ত্র প্রার্থী আরিফ মৃধার নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: হাওরে অবৈধ বালু উত্তোলনে ভাঙ্গছে নদীতীর, বাড়ছে আতঙ্ক
স্বতন্ত্র প্রার্থী আরিফ উল মৃধা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় থানা পুলিশকে এ বিষয়ে মৌখিকভাবে অবগত করেন।
স্থানীয় ও স্বতন্ত্র প্রার্থীর সহকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার কুন্দার পাড়া বাসস্ট্যান্ড ও এর আশপাশ এলাকায় স্বতন্ত্র প্রার্থী আরিফ মৃধা নির্বাচনী প্রচারণা চালান। নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি চলে গেলে রাত ১২টা পর্যন্ত তাঁর কর্মী ও সমর্থকরা ওই ক্যাম্পে বসে নির্বাচন বিষয়ে আলোচনা করেন। পরে ক্যাম্প থেকে যার যার বাড়ি ফিরে গেলে নির্বাচনী ক্যাম্পটি ফাঁকা হয়ে পড়ে। পরে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা এসে ক্যাম্পের ভেতরে লাগানো স্বতন্ত্র প্রার্থীর ব্যানার, কাপড় ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে স্থানীয়রা নির্বাচনী ক্যাম্পের এ অবস্থা দেখতে পেয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল মৃধাকে খবর দিলে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: শেরপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বতন্ত্র প্রার্থী আরিফ উল মৃধা বলেন, আমার একটি নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এটা নিন্দনীয়। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। নির্বাচনে জয়-পরাজয় আছে। এ ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। ফলে ভোটাররা ভুগছেন নিরাপত্তাহীনতায়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।





