সাভার-আশুলিয়ায় পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চারদিনের ছুটিতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটছেন লাখো কর্মজীবী মানুষ। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি দীর্ঘ ছুটিতে প্রিয়জনদের সঙ্গে দেখা করার আনন্দে যাত্রীরা উৎসাহিত হলেও সড়কে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

অতিরিক্ত যাত্রীর চাপের কারণে দেখা দিয়েছে পরিবহন সংকট। একই সঙ্গে বিভিন্ন রুটে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।

আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী যাত্রীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা যায়। বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ যাত্রীরা সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সকাল ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে কন্যাসন্তানসহ স্বামীর সঙ্গে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা নাসিমা বেগম বলেন, ‘ইলেকশনের জন্যই তো বাড়ি যাইতেছি। কিন্তু এভাবে ভোগান্তি হইতেছে। ছুটি হইছে পাঁচ দিন, এখনো বেতন পাই নাই। বিকাশ থেকেও টাকা বের করা যাচ্ছে না। বাচ্চারা খুব কষ্টে আছে। ভাড়া ৫০০, ৭০০, আবার ১২০০ থেকে ১৫০০ টাকা বলতেছে। এই অবস্থায় কিভাবে যাব?’

আরও পড়ুন: বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

যাত্রী মুখলেস বলেন, ‘১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমি জামালপুর যাব। আগে ভাড়া ছিল ৩০০ টাকা, এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এই ভাড়া দেওয়া সম্ভব না। সরকারের উচিত দ্রুত বিষয়টি নজরে আনা।’

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, ‘কারখানা ছুটি দেওয়ার পর আমরা ভোট দিতে বাড়ি যাচ্ছি। কিন্তু বাসচালক ও হেলপাররা ডাবল ভাড়া চাইছে। রাজশাহী যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন ১ হাজার টাকারও বেশি চাওয়া হচ্ছে। একজন শ্রমিক এই অতিরিক্ত টাকা কোথা থেকে দেবে? এতে ভোটারদের বাড়ি ফেরা বাধাগ্রস্ত হতে পারে।’

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী হাসান আলী বলেন, ‘টিভিতে বারবার বলা হচ্ছে নিরাপদ যাত্রা আর ভাড়া বেশি নেওয়া হবে না। কিন্তু বাস্তবে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখছি না। তাহলে এসব কথা শুধু কথাই থেকে যাচ্ছে।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান বলেন, যাত্রীর চাপ বেশি থাকায় বিভিন্ন স্থানে মানুষ জড়ো হচ্ছে। তবে সড়ক অবরোধের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।