নরসিংদীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নরসিংদীর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা গ্রামে বাড়ির পাশে একটি ডোবা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
নিহত স্কুলছাত্র জুনায়েদ (৭) বাগহাটা গ্রামের জজ মিয়ার ছেলে। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জুনায়েদ বাড়ি থেকে বের হয়। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। পরে বুধবার সকাল ৮টার দিকে নিহতের বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
পরিবারের দাবি, নিহত জুনায়েদের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা কেউ বলতে পারছে না। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।





