বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ: অভিযুক্ত Avari Private Limited
বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, প্রতিশ্রুত কাজ ও বৈধ কাগজপত্র না দেওয়া এবং গ্রাহকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান Avari Private Limited–এর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন।
কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার এক কাতারপ্রবাসী ইব্রাহিমের পরিবারের সদস্যরা জানান, প্রায় নয় মাস আগে ইলেকট্রিক্যাল কাজের আশ্বাস দিয়ে তাকে কাতারে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র তিনি পাননি বলে অভিযোগ।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
পরিবারের দাবি, বিষয়টি নিয়ে তারা বারবার প্রতিষ্ঠানের কার্যালয়ে যোগাযোগ করলেও কোনো কার্যকর সমাধান পাননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের রিসেপশন ডেস্কে যোগাযোগ করলে প্রায়ই জানানো হয়, “কর্তৃপক্ষ বিদেশে আছেন” বা “অফিসে দায়িত্বশীল কেউ নেই।” এতে তারা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। সরাসরি অফিসে উপস্থিত হয়েও অনেক সময় সন্তোষজনক উত্তর পাননি বলে অভিযোগ।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারহান আহমেদ এর বিরুদ্ধে প্রভাব ও ক্ষমতা প্রদর্শনের অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ অনুযায়ী, বহু শ্রমজীবী মানুষ বিদেশে কাজের আশায় সর্বস্ব দিয়ে অর্থ জমা দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেউ বিদেশ যেতে পারেননি বা প্রতিশ্রুত চাকরি পাননি। এতে তারা আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে Avari Private Limited–এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।





