শ্রীবরদীতে ট্রাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি ট্রাংক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে ট্রাংকটি ঘিরে কৌতূহল তৈরি হয় এবং ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ছিল।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকের ভেতরে রাখা হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাংক নামিয়ে রাখা ব্যক্তিরা পরে এসে এটি নিয়ে যাবে বলে জানিয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আবু সুফিয়ান
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।





