কুলাউড়ায় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকানের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও পশুর হাটে জাল টাকা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

আরও পড়ুন: কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে মাকে রক্তাক্ত জখম ও ঘরবাড়ি ভাঙচুর করল পাষণ্ড ছেলে

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, থানার ওসি মনিরুজ্জামান মোল্যা, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল লতিফ, জমিয়তে উলামা ইসলামের মো. নেজাম উদ্দিনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, কুলাউড়া শহরের যানজট প্রতিরোধে সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বাজার এলাকায় মালামাল লোডিং-আনলোডিংয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে। ঈদের পর অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানানো হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় ২৭টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্ধকোটি টাকা অনুদান

এ ছাড়া ঈদের বাজারকে কেন্দ্র করে চুরি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা হিসেবে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপনের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।