সোনাগাজীতে খালে পোল্ট্রি বর্জ্য ফেলায় অভিযান, জরিমানা ও ড্রেন সিলগালা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১০:২৭ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মধ্যবর্তী কুমিরা খাল এলাকায় গড়ে ওঠা কয়েকটি পোল্ট্রি খামারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। খালে সরাসরি বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের অভিযোগে মঙ্গলবার (২০ মে) এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন: অধ্যক্ষের সহায়তায় জাল সনদে চাকরি, তুলছেন সরকারি বেতন

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকটি পোল্ট্রি খামার খালের মধ্যে সরাসরি বর্জ্য ফেলছিল। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ পাওয়ার পর খামার মালিকদের সতর্ক করা হলেও তারা কার্যকর কোনো বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করেননি।

বিশেষ করে খামারগুলোতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ ১০ দিনের সময়সীমা দিয়ে নোটিশ প্রদান করা হলেও কোনো উদ্যোগ না নেওয়ায় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মহানগর সদস্য সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

অভিযানকালে সাত্তার পোল্ট্রি, ওমর ফারুক পোল্ট্রি, অজিবা পোল্ট্রি ও আবদুল হালিম পোল্ট্রি খামারের ড্রেন দিয়ে খালে বর্জ্য যাওয়ার পথ কংক্রিট, সিমেন্ট ও বালু দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া পরিবেশ দূষণের দায়ে সাত্তার পোল্ট্রি খামারের মালিক মীর আহম্মদ শিমুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সফরপুর এলাকার আবুল খায়েরের ছেলে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।