বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম এবং দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর-৮৮০৭১২৭৪৮৫।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে নিচে নামানো হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে এএসআই আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।