ফেনীতে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
ফেনীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ মে) দুপুরে শহরের আবু বক্কর সড়কে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
আরও পড়ুন: ঈদযাত্রা ও পশুর হাটে র্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল
জানা গেছে, জেলা প্রশাসন, র্যাব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফরিদ মিয়ার মিল ও হায়দার নামে দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল মসলা প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যসনদ ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার ঘাটতিও লক্ষ্য করা হয়।
অভিযান শেষে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠান দুটিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, “জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান, প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোক্তা ও ব্যবসায়ীদের আরও সচেতন করতে আমরা কাজ করছি।”
অভিযানে র্যাবের এসপি মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





