বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া

Sanchoy Biswas
মো.মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বড় বোনের সঙ্গে খালে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে ফারিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষার খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত ফারিয়া সংচাইল গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ফারিয়া তার বড় বোন সামিরা (১১) সহ কয়েকজন শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে খালের প্রবল স্রোতে ফারিয়া ভেসে যেতে শুরু করলে সামিরা তাকে ধরে রাখার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে পাশের এক নারী সামিরাকে টেনে তোললেও ফারিয়া হাত ফসকে স্রোতের টানে তলিয়ে যায়।

আরও পড়ুন: কুলাউড়ায় আগুনে পুড়ে মারা গেলো ৫ গরু

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিকেল ৩টার দিকে কচুরিপানার নিচ থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, বর্ষণে পানি বৃদ্ধির কারণে খালটিতে পানির স্রোত ছিল তীব্র। তাই শিশুটি স্রোতের টানে তলিয়ে যায়।

আরও পড়ুন: নিজ দলের কেউ অপরাধে জড়ালেও ছাড় নয়: প্রতিমন্ত্রী

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খালের তীব্র স্রোতে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”