গাজীপুর শিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: ডিসি নূরুল করিম ভূঁইয়া

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৪:৪৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শিল্পনগরী গাজীপুর। জেলায় বর্তমানে মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে।

সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি ২০২৪–ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এসব তথ্য ও উপাত্ত তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

আরও পড়ুন: সোনাগাজীর নবাবপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করতে হবে। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও শুমারির আওতায় এনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সহজ ও বোধগম্য ভাষা ব্যবহার করা উচিত। শিল্প প্রতিষ্ঠানের আধিক্য এবং শক্তিশালী এসএমই খাতের কারণে গাজীপুর বর্তমানে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।