কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ
শ্রীমঙ্গলে বিশাল মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর আগমনের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপস্থিতির।
বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদের সহায়তা চেক প্রদান করা হবে। আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আরও পড়ুন: ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছেন। নানান রঙের পোশাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও সমাবেশে যোগ দিয়েছেন। মাঠের এক পাশে উপকারভোগীরা অপেক্ষায় রয়েছেন। নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
শাহান আলী মুসা বলেন, তিনি সকাল ৯টায় থেকেই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন। তার ভাষায়, চায়ের দেশে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাজারো মানুষ এখানে জড়ো হয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





