ভোগান্তিতে শতাধিক যাত্রী
কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ। এ ঘটনায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে রেলপথের পাশাপাশি রাজারহাট-তিস্তা সড়কেও যান চলাচল ব্যাহত হয়, ফলে সাধারণ যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: ফরিদপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে কুড়িগ্রাম জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সকালে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা জংশন স্টেশনে যেতে হয়েছে। এতে বাড়তি খরচ ও সময় দুটোই লেগেছে।” আরেক যাত্রী আব্দুল কাদের বলেন, “আগে থেকে কোনো তথ্য না থাকায় স্টেশনে এসে বিপাকে পড়েছি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।”
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজার রহমান জানান, ভোরের দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রাকটি রেললাইনের ওপর উল্টে রয়েছে, যার ফলে পুরো রেললাইন বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।





