গাজীপুরে ৫ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
গাজীপুরে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক; আহত পুলিশের ৭ সদস্য
সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহের মোহাম্মদ সানা উল্যাহ নূরী।
সভায় সিভিল সার্জন জানান, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও পড়ুন: গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
তিনি জানান, জেলার পাঁচটি উপজেলা, ৪৫টি ইউনিয়ন, তিনটি পৌরসভা এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ১,০৮৭টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৭ হাজার ৫৩৯ জন।
ক্যাম্পেইনের জন্য ইতোমধ্যে নীল রঙের (১ লাখ আইইউ) ৭২ হাজার ৫০০টি এবং লাল রঙের (২ লাখ আইইউ) ৪ লাখ ৯১ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল জেলা স্বাস্থ্য বিভাগে পৌঁছেছে বলে জানান সিভিল সার্জন।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। এতে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।





