নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে শুরু হলো সড়কের সংস্কারকাজ

Sanchoy Biswas
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর থেকে দেওয়ানগঞ্জ মহাসড়কের নির্মাণকাজে ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাটির বেহাল দশা হওয়ায় জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এ জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তাঁর তাৎক্ষণিক নির্দেশে সড়কটির হাটশিরা বাজারসংলগ্ন লক্ষীপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু হয়েছে।

সড়কটির ওই নির্দিষ্ট স্থানে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি গ্রহণ করেন। প্রতিমন্ত্রী জনস্বার্থে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় সড়কে অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ, ১ লাখ টাকা জরিমানা

প্রতিমন্ত্রীর এই অনড় অবস্থানের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ শুরু করেছেন। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এক বিবৃতিতে বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থা আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

কাজের বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও জানান, কয়েক বছর আগেই এই সড়কের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এরপরও ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছিলেন, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই পুরো কাজের তদারকি করছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ভুলতা স্কুল অ্যান্ড কলেজে কোচিং সিন্ডিকেটের অভিযোগ, শিক্ষার মান নিয়ে উদ্বেগ

এদিকে, তথ্য প্রতিমন্ত্রীর দ্রুত ও আন্তরিক উদ্যোগে সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রতিমন্ত্রীর এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইল, গফরগাঁও, হোসেনপুর উপজেলাসহ দেওয়ানগঞ্জ-মধুপুর এলাকার সর্বসাধারণ।