পটুয়াখালীতে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস পালিত, মব জাস্টিস বন্ধের দাবি

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ, তাদের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকারকর্মী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্যাতন, সহিংসতা ও বিচারবহির্ভূত সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত

মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক অতুল চন্দ্র দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজসহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের শুধু সহানুভূতি নয়, তাদের আইনি সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সমাজের সব বিবেকবান মানুষকে নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

বক্তারা আরও বলেন, দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আইনের শাসন ও মানবাধিকারের জন্য হুমকি। তাই মব জাস্টিস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানের শেষে মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতনমুক্ত সমাজ গঠন এবং সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।