ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Sanchoy Biswas
সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ার ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইসলামনগর বাজারসংলগ্ন কাঁঠাল বাগান মনপুরা স্পটে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সোবহান।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ফারুক হোসেন সফিক, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কামরুল হাসান (তৌফিক)।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোছাইন তালুকদার। দিনব্যাপী আয়োজনে ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে নারীদের জন্য বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা এবং পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

এ ছাড়া সাধারণ সভায় ব্যবসায়ী কমিটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথিদের বক্তব্য, নামাজের বিরতি, প্রীতিভোজ এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক মো. আলতাফ হোসেন এবং ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মো. রায়হান হোসেন (মারুফ)।