গাজীপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উদযাপন

প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

Sanchoy Biswas
গাজী মামুন, গাজীপুর
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে আমাদের নিজেদের লোভকে সংযত করতে হবে। বিদেশে প্রত্যেকেই পরিবারের সুখের কথা চিন্তা করে সুন্দর স্বপ্ন নিয়ে পাড়ি জমান। তবে সেই স্বপ্ন যেন কোনোভাবেই দুঃস্বপ্নে পরিণত না হয়, সে বিষয়ে নিজেকেই সবার আগে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

আজ ৩০ জুলাই ২০২৬, ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে গাজীপুরে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের (ডেমো) সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল।

আরও পড়ুন: গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারডু ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এ বছরের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দি’-কে সামনে রেখে দিবসটি উদযাপনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়নাধীন “ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং” প্রকল্পের আওতায় এ যৌথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানব পাচার, সাইবারভিত্তিক আধুনিক প্রতারণা এবং অনিয়মিত অভিবাসনের মারাত্মক ঝুঁকি সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

আজ সকালে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের জোড়পুকুর-জয়দেবপুর সড়ক প্রদক্ষিণ করে মানব পাচার প্রতিরোধ, দালালের দৌরাত্ম্য বন্ধ, নিরাপদ অভিবাসন এবং সাইবারভিত্তিক প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।

আরও পড়ুন: ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত

র‍্যালি শেষে ডেমো অফিসের প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আল কামাল ব্র্যাকের মাঠপর্যায়ের কাজের প্রশংসা করে আরও বলেন, “ব্র্যাকের মানব পাচার প্রতিরোধে পটের গান, নাটক ও রোড শোর মতো ব্যতিক্রমধর্মী ও লোকজ সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ব্র্যাক যদি সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে এভাবে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, তবে সমাজ থেকে মানব পাচার ও অভিবাসন খাতের অনিয়ম সম্পূর্ণ দূর করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ফর সেফ মাইগ্রেশন (গাজীপুর)-এর আউটরিচ অফিসার আল হাফিজ সৌমিক। তিনি তাঁর উপস্থাপনায় বর্তমান বিশ্বে ও বাংলাদেশে মানব পাচারের সাম্প্রতিক প্রবণতা, বিশেষ করে তথ্যপ্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় অফার দিয়ে সাইবারভিত্তিক প্রতারণার মাধ্যমে সংঘটিত মানব পাচারের নতুন নতুন কৌশল ও ফাঁদগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি অনিয়মিত ও অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি এবং বৈধ ও নিয়মিত অভিবাসনের আইনি ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সেন্টার ফর সেফ মাইগ্রেশনের কমিউনিটি মোবিলাইজার গোলাম রব্বীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সম্ভাব্য বিদেশগামী ব্যক্তি, যুব প্রতিনিধি এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং উন্নয়ন সংস্থার সমন্বয়ে স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। একই সঙ্গে সন্দেহজনক দালালচক্র এবং অনলাইন ও অফলাইনে প্রতারণামূলক ভুয়া নিয়োগ কার্যক্রম সম্পর্কে জনগণকে সতর্ক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বক্তারা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে বলেন, সরকারি প্রতিষ্ঠান ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ধারাবাহিকভাবে এ ধরনের তৃণমূলমুখী কার্যক্রম পরিচালিত হলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে, যা একটি নিরাপদ ও শোষণমুক্ত অভিবাসন খাত নিশ্চিত করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।