ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে। স্থানীয়দের অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে যমুনা এক্সপ্রেস সেখানে আটকে ছিল।
আরও পড়ুন: সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার
আন্দোলনকারীরা জানান, মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা প্রায় ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন।
বুধবার সকালে অবস্থান কর্মসূচির সময় আন্দোলনকারীরা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেন থামিয়ে দেন। তাদের দাবি, মশাখালী স্টেশনে আন্তনগর ট্রেনটির স্থায়ী যাত্রাবিরতির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে ৬০ বছরের পুরোনো হাট রক্ষার দাবী এলাকাবাসীর
স্থানীয়দের ভাষ্য, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার যোগাযোগব্যবস্থায় মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এ কারণে এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে রেলপথে আটকে থাকা ট্রেন ও অন্যান্য ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





