হবিগঞ্জে ভারতীয় ইয়াবাসহ আটক ১

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. আঃ রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইসলামপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘দিগন্ত মেগা শপ’, গ্রামীণ জনপদে শহরের ছোঁয়া

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির একটি টহলদল ইসলামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

আটক মো. আঃ রহমান (৪৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কচির উল্লাহ।

আরও পড়ুন: রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, কুমিল্লায় তীব্র গ্যাস সংকট

বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ ছাড়া মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি।