রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ।

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

মৃত চারজন হলেন গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জানা গেছে, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো ট্র্যাজেডি হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার তদন্ত টিম রয়েছে। আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।