সরকারী খাল উদ্ধারে মোবাইল কোর্টের অভিযান, ভরাট বালু নিলামে বিক্রি

Any Akter
চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৬ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুববরের ডাঙ্গি গ্রামের শত বছরের একটি পুরোনো সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার(২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মূল দখলকারী সায়েদ মোল্লা বাড়ি থেকে পালিয়ে যান। মোবাইল কোর্ট চলাকালে তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি উপস্থিত হননি। পরবর্তীতে ইউএনও মহোদয় উপস্থিত জনগণের সামনে একটি স্পট নিলামের আয়োজন করেন। এতে খাল দখলে ব্যবহৃত ভরাট বালু, পাইলিংয়ের বাঁশ এবং সিমেন্টের রিং পাইপ নগদ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা দিপু খানের নিকট বিক্রি করে দেওয়া হয়। নিলামে কেনা মালামাল আগামী ৫ দিনের মধ্যে সরিয়ে নিয়ে খালটি সম্পূর্ণ অবমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দিপু খান।

আরও পড়ুন: জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বোমা মেশিন ও ১২ বারকি নৌকা জব্দ

ইউএনও মোঃ জুলহাস হোসেন সৌরভ এক প্রেস ব্রিফিংয়ে জানান, "খালটি দখলের প্রাথমিক অভিযোগ পাওয়ার পরপরই আমরা সায়েদ মোল্লাকে সতর্ক করে ৪ দিনের সময় দিয়েছিলাম, যাতে তিনি নিজ দায়িত্বে বালু সরিয়ে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। কিন্তু গত ১৫ দিনেও তিনি কোনো মালামাল সরাননি, বরং আরও বালু ভরাট করে পুরো খালটি দখলের চেষ্টা চালান। তাঁর এই ধূর্ত আচরণের কারণেই আজ মোবাইল কোর্ট পরিচালনা করে দখল কাজে ব্যবহৃত মালামাল স্পট নিলামে বিক্রি করা হয়েছে।"

দীর্ঘদিন পর শত বছরের পুরোনো এই খালটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: আগাম শিম চাষে ব্যস্ত কালীগঞ্জের কৃষক, মিলছে ভালো দাম