লক্ষ্মীপুরে চলন্ত বাসে যাত্রীর ওপর খুলে পড়ল লকার, অল্পের জন্য রক্ষা

Shahrier Islam Pallab
নাজমুল হোসেন, লক্ষ্মীপুর (চন্দ্রগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চলন্ত অবস্থায় 'ইকোনো এসি' বাসের ছাদের ভেতরের লাগেজ বক্সের (বাক্স) একটি দরজা খুলে নিচে বসা এক যাত্রীর ওপর পড়ে যায়। তবে যাত্রীর সিটটি একটু সামনে থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

গেল শনিবার রাত ১১ টা ৩৭ মিনিটে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় চিনিশিল্প কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

যাত্রী ও বাস সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসটি ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে রাত ৭টা ৪৩ মিনিটে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে শনিবার রাত ১১টা ৩৭ মিনিটে হঠাৎ বিকট শব্দে বাক্সের দরজাটি খুলে সিটের ওপর যাত্রীর গায়ে পড়ে। এরপর বাসটি নির্ধারিত সময়ের কিছু পরে রাত ১২টা ২৩ মিনিটে লক্ষ্মীপুরে গন্তব্যে পৌঁছায়।

দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রী ও সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে বাসটির কন্ট্রাক্টরকে ডাকেন। কিন্তু কন্ট্রাক্টর বাসের পেছনের সিটে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে হেল্পার দৌড়ে এসে যাত্রীর গায়ের ওপর থেকে ভারী দরজাটি সরিয়ে নেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন: নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

এ বিষয়ে জানতে চাইলে বাসের ড্রাইভার জানান, রাস্তার বেহাল দশার কারণে ঝাঁকুনি লেগে লকগুলো নড়েচড়ে যায়। মাঝে মাঝে এগুলো চেক করার প্রয়োজন হলেও সবসময় তা সম্ভব হয়ে ওঠে না।

এদিকে বাসে থাকা অন্যান্য যাত্রীরা তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, বাসের ফিটনেস ও নিরাপত্তার ঘাটতি রয়েছে। 

তারা অভিযোগ করে বলেন, "রাস্তার অবস্থা খারাপ হলে এতো জোরে গাড়ি চালানোর প্রয়োজন কী? যাত্রীদের জীবন ঝুঁকিতে না ফেলে একটু আস্তে আস্তে গাড়ি চালানো যায় না?"

এই ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেন।