জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় বিজিবি ও পুলিশের সহায়তায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় চিনিশিল্প কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
অভিযানে বড়গাং এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ইজাদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে চলন্ত বাসে যাত্রীর ওপর খুলে পড়ল লকার, অল্পের জন্য রক্ষা
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কোনোভাবেই সুযোগ প্রদান করা হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





