অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এ ঘটনায় অপ্রতিমের মাকে কী জবাব দেবেন, সেটিও জানেন না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ৮৮ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ল নারী

পরে ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না।’ তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মনিরুল হক চৌধুরী বলেন, জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত।

আরও পড়ুন: রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। এ ধরনের পরিস্থিতি চলতে পারে না। কিশোরদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দিয়ে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলছে।