ফটিকছড়িতে এবার দিন দুপুরে ছিনতাই

Shahrier Islam Pallab
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৬ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফটিকছড়িতে এবার দিন দুপুরে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৯ সেপ্টেম্বর উত্তর উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুলের সামনে এ ছিনতাইের ঘটনা ঘটে। একাধিক সিএনজি অটোরিকশা  থামিয়ে টাকা-মোবাইল লুট করে ছিনতাইকারীরা। এ সময় এক সিএন জি অটোরিকশা চালককে মারধর করে রক্তাক্ত করে।

এদিকে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় চুরি,ডাকাতি,ছিনতাই আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এতে উদ্ধিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। 

আরও পড়ুন: কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফটিকছড়ি উত্তর উপজেলায় - মিরসরাই সীমান্তে  নয়াটিলা মাজারের পূর্ব পাশে ট্রাক চালককে কুপিয়ে জখম করে তার সাথে থাকা সবকিছু নিয়ে যায়। 

এরআগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপিস্থ শাহনগর গ্রামের দারগ্ আলী তালুকদার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসত ঘরের প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে যায়।

আরও পড়ুন: গাজীপুরে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার

গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাঁচপুকুরিয়ায় শ্রী শ্রী মগধেশ্বরী মন্দিরে গেইটের গ্রিল ও তালা কেটে স্বর্ণালংকার, পূজার সরঞ্জামাদি, দান বাক্সের টাকা চুরি হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  দিবাগত রাত সাড়ে ১২ টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের পরিবার সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাত দল হানা দেয়। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল  ফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার।

১৭ সেপ্টেম্বর রাতের যেকোন সময় নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ টেকের দোকান এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। 

১০ সেপ্টেম্বর গভীররাতে ফটিকছড়ি উপজেলার কিপাইত নগর মুনিরুল উলুম দাখিল মাদরাসার তালা তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। 

৬ সেপ্টেম্বর ফটিকছড়ি উত্তর উপজেলায় ভূজপুর ইউনিয়নের পোদ্দার পাড়া এলাকায় মানুষ শূন্য একটি ঘরের দরজার তালা কেটে ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় তিন কিশোর চোরকে আটক করেছে স্থানীয়রা।

খবর নিয়ে জানা গেছে, ফটিকছড়ি উত্তর উপজেলায় হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নে প্রতি রাতে গরু চুরির ঘটনা ঘটে।

একসময় বিচ্ছিন্নভাবে ঘটলেও বর্তমানে এ ধরনের চুরি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। ফলে অনেক পরিবার রাতের বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এবং মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সংরক্ষণের চেষ্টা করছেন।

এ ব্যাপারে বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম বলেন, চোরেরা সাধারণত গভীর রাতে বাড়ির পেছনের অংশ বা নির্জন স্থান দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়। শুধু একটি-দুটি এলাকায় নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে একই কৌশলে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাতের টহল জোরদারের দাবি জানান।

এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় মানুষ। 

এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, একাধিক ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছিলাম কিন্তু কারো পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় আমরা মামলা নিতে পারিনি। তিনি বলেন- রাতে টহল টীমের পাশাপাশি পুলিশ অতিরিক্ত দায়িত্ব পালন করছে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল টীম বাইরে থাকছে।