কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

Sadek Ali
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। বাড়ির আঙিনার পাশে খেলছিল দুই শিশু। কিন্তু মুহূর্তের অসতর্কতায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে ডুবে প্রাণ হারাল দুই পরিবারের দুই কন্যাশিশু। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের আনোয়ারখালী গ্রামে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তাঁর বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল নুসাইবা ও আদিবা। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে স্বজনেরা দ্রুত পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো জনতার ঢল

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।’