নেত্রকোণায় রাতের বেলায় পূজামণ্ডপে পরিদর্শন, নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ
শারদীয় দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তাঁরা শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
এ সময় পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এর মূল লক্ষ্য, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন, তা নিশ্চিত করা।
আরও পড়ুন: হরিরামপুরে হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় মোট ৫৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের এ তৎপরতা দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





