লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে রওনা হয় তাদের ইউনিটগুলো। ফায়ার সার্ভিসের প্রথম দলটি দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি এবং পলাশী থেকে ২টি ইউনিট ছাড়াও আরও ৫টি ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনা: বগি লাইনচ্যুত, আহত ৫





