ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও ইজিবাইক সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের ওপর উঠে গেলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষ নিহত হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হয়নি।”
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।”





