রাজধানীতে গ্যাস লিকেজের দুই ঘটনায় দগ্ধ ৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরখান ও মিরপুরে গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উত্তরখানের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি দগ্ধ হন।

আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে।

দগ্ধ দম্পতির ছেলে রাতুল হাসান তুষার বলেন, চিকিৎসকরা তাদের বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক

এদিকে একই দিনে ভোররাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আরও তিন যুবক দগ্ধ হন। প্রাথমিক তথ্যমতে, সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

দগ্ধ তিন যুবককেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা রোধে বাসাবাড়িতে গ্যাসলাইন ও সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।